Logo
প্রিন্টের তারিখ: 06 September 2026 | প্রকাশের তারিখ: Sep 6, 2026

সংবাদ শিরোনাম : ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে ভালুকায় আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগ

ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে ভালুকায় আন্তর্জাতিক মানের ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহ:
ময়মনসিংহের ভালুকায় আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপন এবং প্রক্রিয়াজাত মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হয়েছে। ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও জননেতা ফখরউদ্দিন আহমেদ বাচ্চু এমপির উদ্যোগে এ কার্যক্রম এগিয়ে নিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মৎস্য পরিকল্পনা-২ শাখা থেকে গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) সুজয়া চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত)-এর কাছে পাঠানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ আহমেদ বাচ্চু জাতীয় সংসদ থেকে প্রেরিত ডিও পত্রের মাধ্যমে ভালুকা উপজেলায় আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন ফিশ প্রসেসিং প্লান্ট স্থাপন এবং প্রক্রিয়াজাত মাছ বিদেশে রপ্তানির উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রস্তাব দেন। তাঁর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়ার অনুরোধ করা হয়েছে।
এ উদ্যোগ বাস্তবায়িত হলে ভালুকায় মাছ সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে মৎস্য খাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রক্রিয়াজাত মাছ বিদেশে রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনাও তৈরি হবে।
সংশ্লিষ্টরা মনে করছেন, শিল্পায়নের পাশাপাশি ভালুকার মৎস্য খাতকে আধুনিক ও রপ্তানিমুখী করার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। বিশেষ করে আন্তর্জাতিক মানসম্পন্ন প্রসেসিং সুবিধা গড়ে উঠলে স্থানীয় মৎস্যচাষি ও ব্যবসায়ীরা তাদের উৎপাদিত মাছের ন্যায্য মূল্য পাওয়ার পাশাপাশি নতুন বাজারে প্রবেশের সুযোগ পাবেন।
স্থানীয়দের প্রত্যাশা, সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর উদ্যোগে নেওয়া এ প্রক্রিয়া দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে যাবে এবং ভালুকায় একটি আধুনিক ফিশ প্রসেসিং শিল্প গড়ে উঠবে।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF