Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে ‘অগ্নিকাণ্ডের’ খবর গুজব

জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বাড়িতে ‘অগ্নিকাণ্ডের’ খবর গুজব

নিজস্ব প্রতিনিধি

​নাসীরুদ্দীন পাটওয়ারীর বাসভবনে অগ্নিকাণ্ডের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘গুজব’ বলে নিশ্চিত করেছেন তিনি নিজে। জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ঘরে আগুন দেওয়ার অভিযোগ এনে সামাজিক মাধ্যমে বিএনপি নেতাকর্মীদের দায়ী করে একাধিক ভিডিও প্রচার করা হচ্ছিল।

​বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টায় তার অফিশিয়াল ফেসবুক পেজে অ্যাডমিনের পক্ষ থেকে এক বার্তা শেয়ার করে জানানো হয়, বাস্তবে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। বিভ্রান্তিকর এসব তথ্যের পেছনে নির্দিষ্ট কোনো উদ্দেশ্য রয়েছে কি না, তা খতিয়ে দেখতে জোর তদন্তের দাবি করা হয়েছে।

​ফেসবুক বার্তায় প্রশ্ন তোলা হয়, বাস্তবে যা ঘটে নাই, তেমন একটি সংবেদনশীল বিষয়ের ভিডিও তৈরি বা প্রচার করার পেছনে উদ্দেশ্য কী হতে পারে? সেখানে উল্লেখ করা হয়, ইতিপূর্বেও নাসীরুদ্দীন পাটওয়ারীকে ঘিরে নানা ধরনের মনগড়া গল্প সাজিয়ে তার ওপর আক্রমণের অজুহাত তৈরি করা হয়েছিল। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর তার ওপর অন্তত ৫ বার আক্রমণ চালানো হলেও কোনো বিচার পাওয়া যায়নি বলে অভিযোগ করা হয়।

​সামাজিক মাধ্যমে দেওয়া বিবৃতিতে আরও বলা হয়, চাঁদা ও সন্ত্রাসবাদের বিপক্ষে নাসীরুদ্দীন পাটওয়ারীর অনড় অবস্থানের কারণেই একটি সুবিধাবাদী চক্র একজোট হয়ে তার আওয়াজ স্তব্ধ করতে চাইছে কি না—তা গভীরভাবে দেখা প্রয়োজন।

​অসৎ উদ্দেশে ছড়ানো এসব অসত্য তথ্য, পূর্বের আক্রমণসমূহ এবং কাল্পনিক অগ্নিকাণ্ডের ভিডিও ছড়ানোর ঘটনার পেছনে আসল সত্য উদ্ঘাটন করে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF