জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সাথে বিলে গোসল করতে গিয়ে রাতুল শেখ (৮) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের পচাবহলা এলাকার আলাই বিলে এই দুর্ঘটনাটি ঘটে।
নিখোঁজ রাতুল পচাবহলা ঘোনাপাড়া গ্রামের আলাল শেখের সন্তান।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাতুল তার কয়েকজন সঙ্গীর সাথে আলাই বিলে গোসল করতে যায়। গোসল শেষ করে অন্যান্য শিশুরা তীরে উঠে আসলেও রাতুলকে আর খুঁজে পাওয়া যায়নি। সন্ধান না পেয়ে তার সঙ্গীরা পরিবারকে বিষয়টি জানায়। পরে স্বজনরা স্থানীয় অধিবাসীদের সাথে নিয়ে বিলে সন্ধান চালাতে থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইসলামপুর ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, স্থানীয় ফায়ার সার্ভিস ইউনিটে ডুবুরি দল না থাকায় তৎক্ষণাৎ পানির নিচে উদ্ধারকাজ শুরু করা যায়নি। তবে জেলা ফায়ার সার্ভিস কার্যালয়কে বিষয়টি অবিহিত করা হয়েছে এবং খুব দ্রুত ডুবুরি দল পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করবে।