Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : ৯ মাস পর লাইভে এলেন তানিয়া বৃষ্টি, জানালেন শারীরিক অবস্থার কথা

৯ মাস পর লাইভে এলেন তানিয়া বৃষ্টি, জানালেন শারীরিক অবস্থার কথা

বিনোদন ডেস্ক 

​দীর্ঘ ৯ মাস আড়ালে থাকার পর অবশেষে অনুরাগী ও সামাজিক যোগাযোগমাধ্যমের ভক্তদের সামনে এলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। শনিবার (৩ অক্টোবর) এক ফেসবুক লাইভে অংশ নিয়ে নিজের বর্তমান শারীরিক অবস্থা ও কাজে ফেরার পরিকল্পনার কথা তুলে ধরেন তিনি।

​চলতি বছরের ফেব্রুয়ারি মাসে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন এই অভিনেত্রী। পরীক্ষা-নিরীক্ষার পর তাঁর মস্তিষ্কে টিউমার শনাক্ত হয় এবং অস্ত্রোপচারের মাধ্যমে তা অপসারণ করা হয়। এরপর দেশে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর গত ৯ মার্চ আরও উন্নত চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যান তিনি। সেখানে তাঁর আরও দুটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। গুরুতর অসুস্থতার কারণে সেসময় তাঁর স্বাভাবিক কথা বলাও বন্ধ ছিল।

​দীর্ঘদিন পর লাইভে এসে অভিনেত্রী অনুরাগী ও শুভানুধ্যায়ীদের উদ্দেশে বলেন, "আমি এখন আগের চেয়ে অনেক ভালো আছি, তবে পুরোপুরি সুস্থ নই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।"

​লাইভে অনেকে তাঁর ওজন বৃদ্ধি নিয়ে মন্তব্য করলে তিনি বিষয়টি পরিষ্কার করেন। জানান, পরপর দুটি বড় ধরনের অস্ত্রোপচারের কারণে সাময়িকভাবে তাঁর শারীরিক গঠনে এই পরিবর্তন এসেছে, যা চিকিৎসাগত কারণে স্বাভাবিক।

​ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, বর্তমানে তাঁর কেমোথেরাপি চলছে। ছয় মাসের দীর্ঘ এই কেমোথেরাপি প্রক্রিয়ার তিন মাস ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

​নাটকে ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি জানান, অভিনয়ে ফেরার জন্য তিনি মুখিয়ে আছেন। চলতি মাস থেকেই কাজ শুরু করার বিষয়ে কথাবার্তা এগোচ্ছে। তিনি আবেগপ্লুত হয়ে বলেন, "আমার শারীরিক অবস্থা এমন ছিল যে হয়তো আর অভিনয়ে ফেরাই সম্ভব হতো না। তবে আলহামদুলিল্লাহ, এখন অনেকটাই সুস্থ।"

​তিনি আরও যোগ করেন, "অনেকে হয়তো চান না আমি নতুন করে কাজ করি, তবে সিংহভাগ দর্শকই আমার কাজ দেখতে চান এবং কঠিন সময়ে আমাকে সাপোর্ট করেছেন। দর্শকদের ভালোবাসার টানেই আমি আবারও অভিনয়ে ফিরব, কারণ আমি নিজেই অভিনয়কে খুব মিস করছি।"

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF