Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : শেরপুরে নিখোঁজের একদিন পর উদ্ধার নবম শ্রেণির শিক্ষার্থী

শেরপুরে নিখোঁজের একদিন পর উদ্ধার নবম শ্রেণির শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি 

​শেরপুর থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মহিবুল ইসলাম (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রবিবার (১১ অক্টোবর) দুপুরে শেরপুর কৃষি ইনস্টিটিউটের একটি মেস থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধার হওয়া মহিবুল স্থানীয় নবারুণ পাবলিক স্কুলের শিক্ষার্থী। তার বাবা শাহীনুর ইসলাম পেশায় একজন কলেজ শিক্ষক এবং মা ইফফাত আরা মুন।

​পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, শনিবার বিকেলে মাকে বাসায় রেখে বের হয়ে আর ফেরেনি মহিবুল। রাত পর্যন্ত স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে তার কোনো হদিস না পেয়ে শেষ পর্যন্ত বিষয়টি পুলিশকে অবহিত করেন।

​ঘটনার মাঝেই একটি চক্র পরিবারের কাছে ফোন করে মহিবুলকে অপহরণের দাবি করে মুক্তিপণ চায়। সন্তানের নিরাপত্তার কথা ভেবে তার বাবা বিকাশ/নগদের মাধ্যমে প্রথম দফায় ২৪ হাজার টাকা পাঠান বলে অভিযোগ করা হয়।

​অভিযোগ পাওয়ার পরপরই জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা-পুলিশ যৌথভাবে তদন্তে নামে। তথ্যপ্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে রোববার দুপুরে কৃষি ইনস্টিটিউটের ছাত্রাবাস থেকে তাকে উদ্ধার করা হয়।

​এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার জানান, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফল খারাপ হতে পারে—এমন ভীতি থেকেই সে মূলত নিজ থেকে আত্মগোপনে ছিল।

​তিনি আরও উল্লেখ করেন, মুক্তিপণ দাবি করা প্রতারক চক্রটির বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF