Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামী হত্যা: স্ত্রী ও শাশুড়ি আটক

নোয়াখালীতে ঘুমন্ত সাবেক স্বামী হত্যা: স্ত্রী ও শাশুড়ি আটক


নিজস্ব প্রতিনিধি 

নোয়াখালীর সদর উপজেলায় ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় তার সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ। রোববার (১২ অক্টোবর) রাতে সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের পূর্ব দুর্গানগর গ্রামের একটি মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে।

​নিহত কামাল হোসেন সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। আটকরা হলেন—তার সাবেক স্ত্রী তানিয়া (৪০) ও শাশুড়ি করফুলের নেছা (৫৮)।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, জুয়া খেলার আসক্তিকে কেন্দ্র করে পাঁচ-ছয় বছর আগে কামাল ও তানিয়ার বিবাহবিচ্ছেদ হয়। বিচ্ছেদের পরও কামাল সাবেক স্ত্রীকে বিভিন্ন সময় বিরক্ত করতেন এবং কিছুদিন আগে শ্বশুরবাড়িতে যান। সেখানে জায়গা না পেয়ে তিনি সাবেক স্ত্রীর বাড়ির পাশের একটি মাদ্রাসার মাঠে ঘুমাতেন।

​ঘটনার দিন কয়েক আগে মাদ্রাসার মাঠে তুচ্ছ বিষয় নিয়ে কামালের ইটের আঘাতে তার সাবেক শ্বশুর আহত হন। এই ঘটনার জেরে রোববার ঢাকা থেকে আসেন কামালের শ্যালক আকাশ। ওই দিন রাতেই মাদ্রাসার মাঠে ঘুমিয়ে থাকা কামালের ওপর তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালক মিলে হামলা চালান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​সুধারাম মডেল থানার পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF