Logo
প্রিন্টের তারিখ: 20 October 2026 | প্রকাশের তারিখ: Oct 20, 2026

সংবাদ শিরোনাম : ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা

ভালুকায় অবৈধ হোমিও হল সিলগালা, ভুয়া চিকিৎসককে কারাদণ্ড ও জরিমানা


ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬

​ময়মনসিংহের ভালুকায় সিডস্টোর বাজারে নিয়মবহির্ভূতভাবে রোগীদের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা চালানোর দায়ে ‘জনসেবা হোমিও হল’ নামে একটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক মোছা. রেহেনা সিদ্দীকাকে চার দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা ও দণ্ড দেওয়া হয়।

​ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জনসেবা হোমিও হলে কোনো বৈধ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে রোগীদের আল্ট্রাসনোগ্রাম, বিভিন্ন ল্যাব পরীক্ষা-নিরীক্ষা এবং প্রসব (ডেলিভারি) করানোর মতো সংবেদনশীল কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। খবর পেয়ে সোমবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।

​অভিযান পরিচালনাকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম এবং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম রমিজ।

​উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চিকিৎসাসেবা কেন্দ্র ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF