Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো

ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: ক্রিশ্চিয়ানো রোনালদো


আন্তর্জাতিক ডেস্ক 

​ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছুঁতে চাইলেও তা নিয়ে খুব বেশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন না পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে তার গোলসংখ্যা ও মাঠের পারফরম্যান্সের যথাযথ মূল্যায়ন হয় না বলে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। বর্তমান আল নাসরের এই তারকার আত্মবিশ্বাসী উচ্চারণ, সব দিক থেকেই ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তিনিই।

​সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর এই মন্তব্যগুলো প্রকাশ করেছে ক্রীড়া মাধ্যম 'দ্য অ্যাথলেটিক'। সেখানে এই তারকা বলেন, মানুষ তার পারফরম্যান্সের মান এবং গোলগুলোকে অনেক সময় প্রাপ্য সম্মান বা কৃতিত্ব দেয় না।

​খেলোয়াড় হিসেবে তার পরিসংখ্যান অবশ্য এই দাবিরই জোরালো সমর্থন করে। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৩৭ ম্যাচে তার নামের পাশে রয়েছে ৯৮০টি গোল। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক থেকে তিনি এখন মাত্র ২০ গোল দূরে অবস্থান করছেন।

​১ হাজার গোলের লক্ষে পৌঁছানোর বিষয়ে রোনালদো জানান, সবকিছু স্বাভাবিক নিয়মেই হতে দেওয়া উচিত। তার ভাষ্যমতে, তিনি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করেন, তবুও তিনিই ফুটবল ইতিহাসের সেরা—এটাই চূড়ান্ত সত্য।

​অবশ্য এক হাজার গোলের মাইলফলক স্পর্শ করার স্বপ্ন পুরোপুরি বাদ দেননি পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার। তিনি বলেন,পরিসংখ্যান সব সময় নিজের কথাই বলে। যদি তিনি এক হাজার গোলের মাইলফলক ছুঁতে পারেন, তবে সেটি হবে দারুণ এক অর্জন। এই লক্ষ্যেই তিনি কাজ করে যাচ্ছেন, যদিও বিষয়টি নিয়ে অতিরিক্ত দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছেন না।

​নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও এখনই নিশ্চিত কিছু বলতে চান না রোনালদো। এ প্রসঙ্গে তার মন্তব্য, আগামী দিনটিতে কী ঘটবে তা কেউ জানে না। হয়তো কোনো এক দিন সকালে ঘুম থেকে উঠে তার মনে হতে পারে যে খেলার প্রতি আর আগের মতো অনুপ্রেরণা নেই এবং তিনি আর খেলতে চান না। তাই ভবিষ্যৎ নিয়ে আগাম কিছু বলা সম্ভব নয়।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF