Logo
প্রিন্টের তারিখ: 21 October 2026 | প্রকাশের তারিখ: Oct 21, 2026

সংবাদ শিরোনাম : ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

ভালুকায় শিক্ষককে মারধর ও মেয়েকে অপহরণচেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ভালুকা

ময়মনসিংহের ভালুকায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোস্তাক আহম্মেদের ওপর হামলা এবং তাঁর শিশুকন্যা মিসরাত খানম নেন্সিকে অপহরণের চেষ্টার অভিযোগে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষক, পরিবারের সদস্য ও স্থানীয় ব্যক্তিরা।

সোমবার (১২ অক্টোবর) বেলা তিনটার দিকে ভালুকা–গফরগাঁও সড়কে উপজেলা পরিষদের সামনে ভালুকা উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম ফারুক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক দিলীপ, শিক্ষিকা নাজমা খানম এবং শিক্ষক হাফিজুর রহমান, মিজানুর রহমান, ফেরদৌসুর রহমান, আফতাব উদ্দিন, রুবেল মিয়া ও হাসান সোহরাওয়ার্দী শামীম।

এ সময় শিক্ষক মোস্তাক আহম্মেদের স্ত্রী নিরান আক্তার ও তাঁর মেয়ে মিসরাত খানম নেন্সিও উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর হামলা এবং তাঁর শিশুকন্যাকে অপহরণের চেষ্টার অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তাঁরা ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF