ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে প্রকৃত উপকারভোগীদের চিহ্নিত করে সুবিধা নিশ্চিত করার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, কার্ড বিতরণে কোনো অনিয়ম বা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার (১৪ অক্টোবর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড চালু করা সরকারের নির্বাচনি অঙ্গীকারের অংশ। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে। নারীদের পারিবারিক ব্যয় নির্বাহে সহায়তা দেওয়া এবং তাঁদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের পাশাপাশি যাচাই-বাছাই করে কারা এ সুবিধা পাওয়ার যোগ্য, তা নির্ধারণ করা হবে। প্রতিটি ইউনিয়নে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে, যাতে যোগ্য পরিবারগুলো সরকারি সহায়তার বাইরে না থাকে।
টুকু আরও বলেন, উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি। তথ্য যাচাইয়ের সময় কোনো অনিয়ম কিংবা অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও বক্তব্য দেন প্রতিমন্ত্রী। তিনি জানান, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক থাকবে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি জোরদার করা এবং পূজামণ্ডপগুলোকে প্রশাসনিক সহযোগিতা দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শহীদুল্লাহ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. মাহমুদুল হক সানু এবং সদর উপজেলা বিএনপির সভাপতি মো. আজগর আলী।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।