ভালুকা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ইস্তারঘাট এলাকায় ধানকুঁড়া রিসোর্ট স্থায়ীভাবে বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। রিসোর্টটিকে ঘিরে মাদক, জুয়া ও কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ তুলে দ্রুত তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ইস্তারঘাট বাজারে স্থানীয় জনগণের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও এলাকার সচেতন নাগরিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ধানকুঁড়া রিসোর্টকে কেন্দ্র করে এমন কিছু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় পরিবেশ ও তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে তারা মনে করেন। এসব অভিযোগের কারণে এলাকার স্বাভাবিক সামাজিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে বলেও দাবি করেন অংশগ্রহণকারীরা।
বক্তারা বলেন, যুবসমাজকে ক্ষতিকর কর্মকাণ্ড থেকে সুরক্ষা দেওয়া এবং এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি। এ জন্য উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। একই সঙ্গে রিসোর্টটি স্থায়ীভাবে বন্ধ ও সিলগালা করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। রিসোর্টকে ঘিরে ওঠা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।”
বক্তা সেলিম আকন্দও অভিযোগগুলোর যথাযথ তদন্তের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এলাকার তরুণ প্রজন্মের সুরক্ষা এবং সামাজিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
কর্মসূচিতে আরও বক্তব্য দেন মাওলানা মামুনুর রশিদ, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা সফিউদ্দিন, মাহবুব আলম, জাকির হোসেন মাস্টার, বিল্লাল হোসেন ও হৃদয় তালুকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধন শেষে এলাকাবাসী জানান, তাদের উত্থাপিত অভিযোগের বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচি পালন করা হবে।