Logo
প্রিন্টের তারিখ: 23 October 2026 | প্রকাশের তারিখ: Oct 23, 2026

সংবাদ শিরোনাম : প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু

প্রবাসে করুণ পরিণতি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ঘটাইলের প্রবাসীর মৃত্যু

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি:

সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মো. আনোয়ার হোসেন (৩৭) নামে এক প্রবাসী। বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের ধাক্কায় তিনি মারা যান।

​বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে সৌদি আরবের আবহা শহরের (আছির প্রদেশ) এক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত আনোয়ার ঘাটাইলের সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের আব্দুল হকের ছেলে।

​পরিবার সূত্রে জানা যায়, ধারদেনা ও ব্যবসায়ের ক্ষতি কাটিয়ে সংসারে আর্থিক স্বচ্ছলতা ফেরাতে প্রায় দুই বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন আনোয়ার। ঘটনার দিন কাজ শেষে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় মারাত্মক আঘাত পান তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত আবহা শহরের একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​সেখানে কর্মরত সহকর্মী ও আত্মীয়রা মোবাইল ফোনে এই হৃদয়বিদারক খবরটি পরিবারকে জানান। খবর পৌঁছানোর পর থেকেই আনোয়ারের গ্রামের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। নিহতের ভাই সানোয়ার হোসেন জানান, তিন ভাই ও এক বোনের মধ্যে আনোয়ার ছিলেন দ্বিতীয়। তার এই অকাল প্রয়াণে পুরো পরিবার এখন দিশেহারা।

​বর্তমানে নিহতের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। প্রিয়জনের শেষ স্মৃতিটুকু দেখতে এবং দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সহযোগিতা চেয়েছে শোকাহত পরিবার।

© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক এই সময়ের
সকল কারিগরি সহায়তায়ঃ দৈনিক এই সময়ের
🖨️ প্রিন্ট 💾 JPG 📄 PDF