স্পোর্টস ডেস্ক
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ এসএ২০-এর নিলামে বাংলাদেশের লেগ-স্পিনার রিশাদ হোসেনকে দলে নিয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। এর ফলে প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার পথে রয়েছেন তিনি।
এর আগে গত মৌসুমে ডারবানস সুপার জায়ান্টস নিলাম থেকে বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামকে দলে নিয়েছিল। তবে পরবর্তী সময়ে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি।
রিশাদের এরই মধ্যে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে (বিবিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে। তবে এসএ২০-তে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে তাকে।
আগামী ১৭ জানুয়ারি শুরু হবে এসএ২০-এর পরবর্তী আসর। ২১ ফেব্রুয়ারি ফাইনালের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হবে।
গত চার আসরের তিনটিরই শিরোপাজয়ী সানরাইজার্স ইস্টার্ন কেপ এবারও শক্তিশালী দল গড়েছে। রিশাদের সঙ্গে একই দলে থাকছেন ম্যাথিউ ব্রিটজকে, কুইন্টন ডি কক, মার্কো জানসেন, আনরিখ নরকিয়া, ট্রিস্টান স্টাবস ও অ্যাডাম মিলনের মতো তারকারা। বুধবারের নিলাম থেকে নান্দ্রে বার্গার ও ক্রেইগ ওভারটনকেও দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
এবারের এসএ২০ নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড়ের তালিকায় চমক দেখিয়েছেন ১৮ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার জেসন রুলস। ২৯ লাখ র্যান্ডে তাকে দলে নিয়েছে জোহানেসবার্গ সুপার কিংস।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক রুলস মূলত বাঁহাতি ব্যাটার ও বাঁহাতি স্পিনার। তার পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড ও ফাফ ডু প্লেসিসকেও দলে নিয়েছে জোহানেসবার্গের ফ্র্যাঞ্চাইজিটি।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..