জাতীয় পার্টির (জাপ) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) দলের জাপা চেয়ারম্যানের প্রেস সচিব শৌর্য দীপ্ত সূর্য এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল আনুমানিক ১০টা ৪০ মিনিটের দিকে একদল অস্ত্রধারী ও দুষ্কৃতকারী উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত জি এম কাদেরের বাসায় হামলা চালায়। আনুমানিক ১৫০ থেকে ২০০ জনের একটি দল এই হামলায় অংশ নেয়। ঘটনার পরপরই পুলিশকে খবর দেওয়া হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তী পদক্ষেপের বিষয়ে দল থেকে শীঘ্রই আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ফুটেজে দেখা যায়, 'বৈষম্যবিরোধী সাধারণ জনগণ'-এর ব্যানারে একদল বিক্ষুব্ধ জনতা 'ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান' ও 'ডাইরেক্ট অ্যাকশন'সহ নানা স্লোগান দিতে দিতে বাসভবন লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। তাদের ব্যানারে জি এম কাদেরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে তাঁর গ্রেপ্তারের দাবি জানানো হয়।
হামলা চলাকালে জি এম কাদের পরিবারের সদস্যদের নিয়ে ঘরের ভেতরেই অবস্থান করছিলেন। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড