আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত চাপের মুখে দেশের অভ্যন্তরীণ ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় ইরানের পুলিশ বাহিনীর ভূমিকা ও আত্মত্যাগের প্রশংসা করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
শুক্রবার এক বার্তায় তিনি বলেন, নিরাপত্তা হলো স্রষ্টার দেওয়া অন্যতম বড় নিয়ামত। ইরানের প্রধান শহরগুলো থেকে শুরু করে প্রত্যন্ত সীমান্ত অঞ্চল পর্যন্ত শান্তি বজায় রাখতে পুলিশ বাহিনী মূল স্তম্ভ হিসেবে কাজ করছে।
বার্তায় তিনি আশা প্রকাশ করেন যে, ইমাম মাহদীর আশীর্বাদে পুলিশ সদস্যরা আগামী দিনেও ইরানের সার্বভৌমত্ব, শক্তি ও মর্যাদা রক্ষায় সাফল্য বজায় রাখবেন।
ইরানের ওপর চাপিয়ে দেওয়া সাম্প্রতিক সামরিক ও রাজনৈতিক সংকটগুলোর কথা উল্লেখ করে মোজতবা খামেনি বলেন, শত্রুভাবাপন্ন মার্কিন ও জিয়নবাদী শক্তি পুলিশ বাহিনীর শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে সাধারণ সদস্যদের লক্ষ্য করে ক্রমাগত হামলা ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে। তবে সব বাধা অতিক্রম করে তারা দায়িত্ব পালনে অবিচল থেকেছেন।
ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে পুলিশ বাহিনীকে আধুনিকায়নের ওপর জোর দেন তিনি। তিনি জানান, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার এবং সার্বিক অবকাঠামোগত উন্নতির মাধ্যমে বাহিনীটিকে আরও শক্তিশালী করে তুলতে হবে। পরিশেষে তিনি পুলিশ বাহিনীর সর্বস্তরের সদস্য ও কমান্ডারদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রিন্ট করুন ফটো কার্ড