নিজস্ব প্রতিনিধি
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) মূল্য বৃদ্ধির কথা জানিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। যেখানে বলা হয়, প্রকারভেদে প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ থেকেই সারা দেশে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুসের মূল্য নির্ধারণ ও পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির বিশেষ বৈঠকে এই নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়।
পরিমার্জিত মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ মানসম্পন্ন বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার অলংকার কিনতে এখন গুনতে হবে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকারের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের অলংকারের জন্য খরচ পড়বে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ভরিপ্রতি দাঁড়িয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকায়।
তবে সোনার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা থাকলেও রুপার ক্ষেত্রে দামের কোনো পরিবর্তন করা হয়নি। বর্তমানে বাজারে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৪ হাজার ৩১৬ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দর ২ হাজার ৬৮৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
প্রিন্ট করুন ফটো কার্ড