মহাকাশ গবেষণায় নতুন মাইলফলক অর্জন করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) মঙ্গলযান পারসিভিয়ারেন্স। মঙ্গলের পৃষ্ঠে চলাচলের ক্ষেত্রে আগের সব রেকর্ড ছাড়িয়ে নতুন ইতিহাস গড়েছে ছয় চাকার এই রোবটযান।
নাসার তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১১ অক্টোবর পর্যন্ত পারসিভিয়ারেন্স রোভারের অতিক্রম করা মোট দূরত্ব দাঁড়িয়েছে ৪৫ দশমিক ২২ কিলোমিটার। এর মধ্য দিয়ে এটি নাসারই আরেক রোভার অপরচুনিটির দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিয়েছে। অপরচুনিটি ২০০৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত মঙ্গলে অনুসন্ধান চালিয়ে মোট ৪৫ দশমিক ১৬ কিলোমিটার পথ অতিক্রম করেছিল।
২০২১ সালে মঙ্গলে অবতরণের পর থেকে পারসিভিয়ারেন্স গ্রহটির ভূপ্রকৃতি, শিলা ও প্রাচীন পরিবেশ নিয়ে গবেষণা চালিয়ে আসছে। প্রায় সাড়ে পাঁচ বছরের মধ্যেই এটি যে দূরত্ব অতিক্রম করেছে, আগের রোভার অপরচুনিটির সেই মাইলফলকে পৌঁছাতে প্রায় ১৫ বছর সময় লেগেছিল।
রোভারটির দীর্ঘ পথ পাড়ি দেওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে স্বয়ংক্রিয় নেভিগেশন প্রযুক্তি। এই ব্যবস্থায় ক্যামেরার মাধ্যমে সামনের ভূমির ছবি বিশ্লেষণ করে সম্ভাব্য বাধা শনাক্ত করা হয়। এরপর নিরাপদ পথ নির্ধারণ করে নিজেই এগিয়ে যেতে পারে যানটি।
বর্তমানে পারসিভিয়ারেন্স মঙ্গলের জেজেরো ক্রেটার অঞ্চলের পশ্চিম প্রান্তের কাছাকাছি প্রাচীন শিলা ও ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে অনুসন্ধান করছে। বিজ্ঞানীদের ধারণা, এসব শিলার বিশ্লেষণ থেকে মঙ্গলের অতীত পরিবেশ এবং সেখানে একসময় প্রাণের উপযোগী পরিস্থিতি ছিল কি না, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
রোভারটি ইতোমধ্যে বিভিন্ন এলাকা থেকে শিলা ও মাটির নমুনা সংগ্রহ করেছে। এসব নমুনা ভবিষ্যতে পৃথিবীতে এনে বিশ্লেষণ করা সম্ভব হলে মঙ্গলের ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত ধারণা পাওয়া যেতে পারে।
নতুন এই রেকর্ড শুধু দূরত্ব অতিক্রমের সাফল্য নয়; বরং স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নতি কীভাবে অন্য গ্রহে দীর্ঘমেয়াদি অনুসন্ধানকে আরও কার্যকর করছে, তারও একটি উল্লেখযোগ্য উদাহরণ।
সূত্র: নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি (JPL)
প্রিন্ট করুন ফটো কার্ড