বিনোদন ডেস্ক
প্রথম দেখায় প্রেম শুধু গল্প বা সিনেমার বিষয় নয়, বাস্তব জীবনেও এমন অভিজ্ঞতা হতে পারে। বিজ্ঞানীদের মতে, কাউকে প্রথম দেখার কয়েক মুহূর্তের মধ্যেই তার প্রতি তীব্র আকর্ষণ তৈরি হতে পারে। এর পেছনে আবেগের পাশাপাশি মস্তিষ্কের জটিল কিছু প্রক্রিয়াও কাজ করে।
ন্যাশনাল জিওগ্রাফিকের এক প্রতিবেদনে বলা হয়, কারও প্রতি হঠাৎ আকর্ষণ তৈরি হলে মস্তিষ্কের আনন্দ ও পুরস্কার-সম্পর্কিত অংশ সক্রিয় হয়ে ওঠে। এ সময় ডোপামিন ও অ্যাড্রেনালিনের মতো রাসায়নিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে ভালো লাগা, উত্তেজনা, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, ঘাম ও দ্রুত শ্বাস নেওয়ার মতো শারীরিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে।
যুক্তরাষ্ট্রের মিসৌরি বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানভিত্তিক মনোবিজ্ঞানী স্যান্ড্রা ল্যাংসলাগ বলেন, প্রথম দেখায় প্রেম খুবই আবেগী ঘটনা হওয়ায় শরীরে সিমপ্যাথেটিক নার্ভাস সিস্টেম সক্রিয় হয়ে ওঠে।
এ ছাড়া মানুষ খুব অল্প সময়েই অন্য একজন সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করতে পারে। নর্থওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ের সামাজিক মনোবিজ্ঞানী ওয়েন্ডি গার্ডনারের মতে, সাত সেকেন্ডেরও কম সময়ে একজন মানুষ সম্পর্কে ধারণা তৈরি করা সম্ভব। মুখের অভিব্যক্তি, হাসি, চোখের দৃষ্টি, পোশাক ও অঙ্গভঙ্গির মতো সংকেত এতে ভূমিকা রাখে।
তবে প্রথম দেখায় আকর্ষণ তৈরি হওয়া মানেই সম্পর্ক সফল হবে, এমন নয়। এটি মূলত তাৎক্ষণিক মানসিক প্রতিক্রিয়া। দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য প্রয়োজন পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, সম্মান, মূল্যবোধের মিল ও আচরণের সামঞ্জস্য।
অর্থাৎ প্রেমের প্রথম ঝলক কয়েক সেকেন্ডেই তৈরি হতে পারে, কিন্তু সেই আকর্ষণ সত্যিকারের ভালোবাসায় পরিণত হতে সময়, যত্ন ও পারস্পরিক বোঝাপড়ার প্রয়োজন।
প্রিন্ট করুন
ফটো কার্ড
এ জাতীয় আরো খবর..